রাজধানী ঢাকাসহ সারা দেশে হত্যাকাণ্ড উদ্বেগজনক হারে বাড়ছে। পুলিশ সদর দপ্তরের হালনাগাদ তথ্যে উঠে এসেছে, গত তিন মাসে ঢাকা মহানগরীতে শতাধিক মানুষের প্রাণ গেছে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়ে। একই চিত্র দেশের সামগ্রিক অপরাধ পরিস্থিতির ক্ষেত্রেও।
চলতি বছরের প্রথম তিন মাসের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, ঢাকায় হত্যার ঘটনা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। জানুয়ারি থেকে মার্চ- এই তিন মাসে রাজধানী ঢাকায় মোট ১০৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে জানুয়ারি মাসে ৩৬টি, ফেব্রুয়ারি মাসে ৩৮টি এবং মার্চ মাসে ৩৩টি খুনের রেকর্ড হয়েছে। এই ধারা অব্যাহত রয়েছে এপ্রিল মাসেও। চলতি মাসের প্রথম ১৫ দিনেই ঢাকায় অন্তত ১৬টি খুনের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে।
শুধু রাজধানী নয়, সারা দেশের অপরাধ পরিস্থিতিও বেশ নাজুক। পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে সারা দেশে মোট ৮৫৪টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মাসভিত্তিক হিসেবে দেখা যায়, জানুয়ারিতে ২৮৭ জন, ফেব্রুয়ারিতে ২৫০ জন এবং মার্চে ৩১৭ জন বিভিন্নভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।