ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক সমাধানের নতুন পথ বাতলে দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। তিনি স্পষ্ট করেছেন যে, ওয়াশিংটন যদি ইরানি বন্দরগুলোতে আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করে নেয় তবেই উভয় পক্ষের মধ্যে পরবর্তী দফার বৈঠক সম্ভব।
বুধবার (২২ এপ্রিল) নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-এর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরাভানির বক্তব্য অনুযায়ী, তেহরান পরবর্তী আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, তবে এর প্রধান শর্ত নৌ অবরোধ তুলে নেওয়া।
এদিকে চলমান অস্থিরতার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। তবে ইরান-বিরোধী কঠোর অবস্থান থেকে এখনো সরে আসছে না যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি বজায় থাকলেও ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।