জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের গণপরিবহনের নতুন ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বৈঠকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন খাতে সম্ভাব্য প্রভাব ও ভাড়া সমন্বয়ের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী বলেন, “আমরা পরিবহন মালিক-শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেছি। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আশা করা যাচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও জানান, জনস্বার্থ ও পরিবহন খাতের বাস্তব পরিস্থিতি বিবেচনায় রেখে একটি যৌক্তিক ভাড়া কাঠামো নির্ধারণের চেষ্টা চলছে, যাতে যাত্রী ও পরিবহন মালিক উভয় পক্ষের স্বার্থ রক্ষা পায়।