Ridge Bangla

প্রশ্নপত্র ফাঁসের গুজব ও অপপ্রচার চলছে: ঢাকা শিক্ষা বোর্ডের সতর্কবার্তা

চলমান এসএসসি পরীক্ষা ২০২৬-কে কেন্দ্র করে একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের ভুয়া গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্ত করছে। এই অপপ্রচারের মাধ্যমে চক্রটি কেবল প্রতারণাই করছে না, বরং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক সতর্কীকরণ বার্তায় এই ধরনের অপপ্রচার থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, চলতি এসএসসি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে চক্রটিকে ধরতে মাঠে নামে পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (সিটিটিসি)।

এরপর গত ২০ এপ্রিল অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে ‘এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামে একটি ফেসবুক পেইজের অস্তিত্ব শনাক্ত করে তারা। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আশুলিয়ার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সিফাত আহমেদ সজীব, মো. সালমান, মো. মেজবাউল আলম মাহি এবং মো. মহিউজ্জামান মুন্না।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, গ্রেপ্তারকৃতরা সামাজিক মাধ্যমে প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত। তবে তাদের সরবরাহ করা প্রশ্নের সঙ্গে মূল পরীক্ষার প্রশ্নপত্রের কোনো মিল নেই। শিক্ষার্থীদের সরলতার সুযোগ নিয়ে তারা এই ডিজিটাল জালিয়াতি চালিয়ে আসছিল।

তিনি জানান, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। বোর্ড কর্তৃপক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের কোনো গুজবে কান না দিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

This post was viewed: 9

আরো পড়ুন