দেশে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণ এবং তরুণদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, পেপ্যালের কার্যক্রম চালুর জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। তিনি বলেন, আগামী পাঁচ বছরে প্রায় ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান করা হবে, যার মধ্যে ইতোমধ্যে ৭ হাজার ৫০০ জনকে এই সুবিধার আওতায় আনা হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মাধ্যমে নতুন ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ জোরদার করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অধীনে ২০২৬ সালে ২ হাজার ৪০০ জন তরুণকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ভার্চুয়াল রিয়েলিটির মতো আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে।