Ridge Bangla

৮৬টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৩৪ হাজার ৫৫০ বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের যাত্রা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৮৬টি ফ্লাইটে মোট ৩৪ হাজার ৫৫০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজ বুলেটিনের তথ্যে জানা যায়, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩১ হাজার ২৬৬ জন হজযাত্রী। ফ্লাইটভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৬টি ফ্লাইটে ১৪ হাজার ৯১৬ জন, সৌদি এয়ারলাইনস ৩২টি ফ্লাইটে ১২ হাজার ৮৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

এদিকে হজ পালন করতে গিয়ে ইতোমধ্যে দুজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম এবং জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল। তাদের মধ্যে একজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মক্কায় মারা যান।

চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন