Ridge Bangla

বর্ধিত বাসভাড়া আজ থেকে কার্যকর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসের নতুন ভাড়া আজ রোববার (২৬ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। নতুন এই ভাড়ার তালিকা অনুযায়ী, দেশের বিভিন্ন রুটে যাত্রীদের আগের তুলনায় বেশি ভাড়া গুনতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি বাসে নতুন ভাড়ার চার্ট টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে, যাতে যাত্রীরা নির্ধারিত ভাড়ার বিষয়ে পরিষ্কার ধারণা পান।

শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে। এতে গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী টার্মিনাল থেকে পরিচালিত বিভিন্ন রুটের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ঢাকা থেকে পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫ টাকা এবং ৪০ আসনের বাসের ভাড়া ১ হাজার ২৮১ টাকা। ঢাকা-রংপুর, দিনাজপুর, রাজশাহীসহ অন্যান্য রুটেও একইভাবে ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

সায়েদাবাদ থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, বরিশাল ও খুলনা রুটে ভাড়ায় পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে দীর্ঘ রুট হিসেবে পরিচিত ঢাকা-টেকনাফ পথে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭ টাকা (৫১ আসন) এবং ১ হাজার ৩৩৫ টাকা (৪০ আসন)।

এছাড়া মহাখালী থেকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ রুটেও ভাড়া সমন্বয় করা হয়েছে। সরকার গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর পরপরই পরিবহন খাতে এর প্রভাব পড়ে। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য বৃদ্ধি পাওয়ায় পরিবহন ব্যয় বেড়ে যায়, যার প্রেক্ষিতে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন