জনপ্রিয় মডেল, অভিনেত্রী, উপস্থাপক ও আইনজীবী জান্নাতুল পিয়া সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের উদ্দেশে একটি অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে পিয়া লিখেছেন,
“বোন, ঈর্ষান্বিত না হয়ে নিজের উন্নতি করো। আলো ছড়াও এবং নিজের জন্য দৃশ্যমান হও।
তোমার প্রকৃত লড়াইটা সেই নারীর সঙ্গে, যেটা তুমি গতকাল ছিলে। নিজের পথে থেকো, নিজেকে আরও উন্নত করো এবং এগিয়ে যেতে থাকো।”
এই বার্তার সঙ্গে পিয়া শেয়ার করেন নিজের চারটি ছবি, যেখানে কালো পোশাকে তাকে ঝলমলে ও আত্মবিশ্বাসী রূপে দেখা যায়। তার কথাগুলো নেটিজেনদের হৃদয় ছুঁয়েছে। অনেকেই এই ইতিবাচক বার্তার প্রশংসা করেছেন এবং এটিকে নারীদের জন্য উৎসাহব্যঞ্জক বলে মন্তব্য করেছেন।
২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জিতে শোবিজে পথচলা শুরু করেন জান্নাতুল পিয়া। এরপর তিনি মডেলিং, অভিনয় ও উপস্থাপনায় নিজের অবস্থান সুদৃঢ় করেন। ২০১২ সালে রেদওয়ান রনির পরিচালনায় ‘চোরাবালি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘দ্য স্টোরি অব সামারা’, ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘প্রবাসীর প্রেম’, ‘ছিটমহল’, এবং ‘প্রেম কী বুঝিনি’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
উপস্থাপক হিসেবেও তিনি সমান জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে ২০১৭ ও ২০১৮ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর উপস্থাপনায় অংশ নিয়ে তিনি আলোচনায় আসেন।
শোবিজের পাশাপাশি পিয়া পড়াশোনাতেও নিজেকে এগিয়ে রেখেছেন। তিনি লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ (LCLS), ঢাকা থেকে আইন বিষয়ে শিক্ষা গ্রহণ করেন এবং বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন তালিকাভুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।