Skip to main content

Ridge Bangla

কারাগারের চাপ কমাতে ইতালির নতুন আইন, প্রায় ১৩ হাজার ৭০০ বন্দি বাড়িতে থেকে ভোগ করবেন সাজা

কারাগারের অতিরিক্ত চাপ কমানো এবং মাদক ও অ্যালকোহলাসক্ত বন্দিদের পুনর্বাসনের সুযোগ বাড়াতে নতুন আইন অনুমোদন করেছে ইতালি। এই আইনের আওতায় প্রায় ১৩ হাজার ৭০০ বন্দি কারাগারের পরিবর্তে নিজ বাড়িতে থেকেই সাজা ভোগের সুযোগ পাবেন।

বুধবার ইতালির পার্লামেন্টে আইনটি ১৫৩ ভোটে পাস হয়। এর বিপক্ষে ভোট দেন ৪২ জন আইনপ্রণেতা, আর ভোটদানে বিরত থাকেন ৮২ জন।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তকে ‘একাধিক ফ্রন্টে বিজয়’ বলে অভিহিত করেছেন। তার মতে, এই উদ্যোগের মাধ্যমে একদিকে কারাগারের ওপর অতিরিক্ত চাপ কমবে, অন্যদিকে আসক্ত বন্দিদের পুনর্বাসনের সুযোগও বৃদ্ধি পাবে।

ইতালির বিচারমন্ত্রী কার্লো নর্দিও জানিয়েছেন, বর্তমানে দেশটির কারাগারগুলোতে প্রায় ৬৫ হাজার বন্দি রয়েছেন। নতুন আইনের আওতায় ১০ হাজারের বেশি মাদকাসক্ত এবং প্রায় ৩ হাজার ৭০০ অ্যালকোহলাসক্ত বন্দি সুবিধা পেতে পারেন।

অপরাধ দমনে কঠোর অবস্থানের জন্য পরিচিত মেলোনি সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনেও বিতর্কের জন্ম দিয়েছে। ক্ষমতাসীন জোটের বাইরে থাকা ডানপন্থী দলগুলো অভিযোগ করেছে, সরকার অপরাধ দমনের পূর্বের অবস্থান থেকে সরে এসেছে। অন্যদিকে বামপন্থী দলগুলো নীতিগতভাবে আইনটির প্রতি সমর্থন জানালেও পুনর্বাসন কর্মসূচির জন্য বরাদ্দ অর্থকে অপর্যাপ্ত বলে মন্তব্য করেছে।

এদিকে বন্দি অধিকারবিষয়ক সংস্থা ‘অ্যান্টিগোন’ সরকারের উপস্থাপিত হিসাব নিয়ে প্রশ্ন তুলেছে। সংস্থাটির দাবি, আইনে থাকা বিভিন্ন শর্ত এবং সীমিত অর্থায়নের কারণে ঘোষিত সংখ্যক বন্দি বাস্তবে এই সুবিধা নাও পেতে পারেন।

তবে ক্ষমতাসীন জোটের শরিক লিগ দলের সংসদ সদস্য সিমোনেত্তা মাতোনে বলেন, এই আইনের উদ্দেশ্য কারাগার খালি করা নয়। বরং আসক্ত ব্যক্তিদের চিকিৎসার মাধ্যমে তাদের পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি কমিয়ে আনা।

This post was viewed: 2

আরো পড়ুন