Skip to main content

Ridge Bangla

দীর্ঘ অপেক্ষার অবসান, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের কোচ জিনেদিন জিদান

ফরাসি ফুটবলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি জিনেদিন জিদান। চুক্তি অনুযায়ী ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের দায়িত্বে থাকবেন তিনি।

প্যারিসে ফরাসি ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সভাপতি ফিলিপ দিয়ালো আনুষ্ঠানিকভাবে জিদানের নিয়োগের ঘোষণা দেন।

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর ১৪ বছর ধরে দায়িত্ব পালন করা প্রধান কোচ দিদিয়ার দেশম সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এরপর তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব দেওয়া হয় ফরাসি ফুটবলের অন্যতম সেরা তারকা জিদানকে।

১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে ফ্রান্সকে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতানো জিদান কোচ হিসেবেও সমান সফল। রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের অনন্য কীর্তি গড়েছিলেন তিনি।

নতুন দায়িত্ব গ্রহণের পর জিদান বলেন, রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ইউরোপের কয়েকটি শীর্ষ ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন। তবে জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন থেকেই তিনি সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘ফরাসি জাতীয় দলের চেয়ে বড় কিছু হতে পারে না। এই দায়িত্ব পাওয়া যেমন আনন্দের, তেমনি এটি অত্যন্ত গর্বের এবং বড় দায়িত্বের বিষয়। জাতীয় দলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে নিয়ে যেতে আমি আমার সর্বস্ব উজাড় করে দেব।’

আগামী ২৫ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্সের প্রধান কোচ হিসেবে জিদানের নতুন অধ্যায় শুরু হওয়ার কথা।

This post was viewed: 2

আরো পড়ুন