Skip to main content

Ridge Bangla

টানা ৫ উইকেট মেডেন ওভারে ইতিহাস, বিশ্বরেকর্ড গড়লেন জাস্টিন গ্রিভস

টেস্ট ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়ে বিশ্বরেকর্ডের মালিক হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। টানা পাঁচটি মেডেন ওভারে প্রতি ওভারেই একটি করে উইকেট নিয়ে ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন তিনি।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে এই অনন্য রেকর্ড গড়েন গ্রিভস। ইনিংসের ৬৪তম থেকে ৭২তম ওভারের মধ্যে টানা পাঁচ ওভারে কোনো রান না দিয়ে তুলে নেন পাঁচটি উইকেট। টেস্ট ক্রিকেটের পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর এমন কীর্তি এই প্রথম।

তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান ৩ উইকেটে ১৯৯ রান নিয়ে। দলীয় স্কোর ৪ উইকেটে ২৪৪ রান হওয়ার সময় পর্যন্ত গ্রিভসের বোলিং ছিল ৬ ওভারে ২৭ রান, কোনো উইকেট ছাড়াই। এরপরই ম্যাচের চিত্র পাল্টে দেন তিনি।

৬৪তম, ৬৬তম, ৬৮তম, ৭০তম এবং ৭২তম ওভারে কোনো রান না দিয়ে প্রতিটি ওভারেই একটি করে উইকেট শিকার করেন এই পেসার। শেষ পর্যন্ত তার বোলিং বিশ্লেষণ দাঁড়ায় ১১ ওভারে ৬টি মেডেন, ২৭ রান খরচায় ৫ উইকেট।

গ্রিভসের বিধ্বংসী বোলিংয়ে প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয় ২৮২ রানে।

এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার এটি গ্রিভসের ক্যারিয়ারের প্রথম অর্জন। দিনের খেলা শেষে তিনি বলেন, বল ভালোভাবে সুইং করছিল এবং তিনি সেই সুবিধা কাজে লাগাতে পেরেছেন। তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয়ই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

This post was viewed: 2

আরো পড়ুন