এ যেন এক অচেনা মোশাররফ করিম। এমন ভয়ংকর চরিত্রে তাকে আগে কখনও দেখা যায়নি—এমনকি তার ভক্তদেরও ধারণা ছিল না। এবার সেই ভয়ংকর রূপেই ধরা দিলেন জনপ্রিয় এই অভিনেতা। চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, ঘাড়ে ঝুলছে থেটোস্কোপ—আর পায়ের নিচে মেরে ফেলে রাখা এক ব্যক্তি। প্রতিশোধের নেশায় জ্বলন্ত এক চরিত্রে দেখা গেছে তাকে।
সঞ্জয় সমদ্দার পরিচালিত এবং মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘ইনসাফ’-এ মোশাররফ করিমের এই ব্যতিক্রমী লুক প্রকাশ পেয়েছে। রোববার (৪ মে) সন্ধ্যায় সিনেমাটির দ্বিতীয় পোস্টার প্রকাশ করেন নির্মাতা, যেখানে লেখা ছিল, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!’
দেশের শক্তিমান এই অভিনেতা বড়পর্দায় জীবনঘনিষ্ঠ নানা চরিত্রে অভিনয় করলেও, এই প্রথমবার অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমায় দেখা যাবে তাকে। ফেব্রুয়ারিতে ‘ইনসাফ’-এর শুটিং শুরু হয়, এখন চলছে শেষ মুহূর্তের কাজ। আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
সিনেমাটিতে নায়িকা হিসেবে আছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ। এটি তার প্রথম বড়পর্দার পূর্ণাঙ্গ বাণিজ্যিক ছবি হিসেবে বিবেচিত হচ্ছে।
‘ইনসাফ’ সিনেমা এবং মোশাররফ করিমের নতুন লুক ইতোমধ্যে দর্শকমহলে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। পোস্টারে তার ভিন্ন লুক সেই কৌতূহলকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।