Ridge Bangla

‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়!’

আসন্ন ঈদ-উল-আজহায় মুক্তি পাচ্ছে পরিচালক সঞ্জয় সমদ্দারের অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ইনসাফ’, যেখানে একেবারে নতুন ও চমকপ্রদ রূপে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। রোববার (৪ মে) প্রকাশিত সিনেমাটির দ্বিতীয় পোস্টারে মোশাররফের ভয়ংকর রূপই যেন সিনেমার রহস্য ও রোমাঞ্চকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে।

পোস্টারে দেখা গেছে—চোখে সানগ্লাস, মুখে হালকা ফ্রেঞ্চকাট দাড়ি, কিছুটা পাকা চুল, হাতে রক্তমাখা কুড়াল, ঘাড়ে ঝোলানো স্টেথোস্কোপ আর পায়ের নিচে পড়ে থাকা এক ব্যক্তি। দৃশ্যটা যেন প্রতিশোধ আর ন্যায়ের দাবিতে জ্বলন্ত এক ডাক্তারকে উপস্থাপন করছে। পরিচালক পোস্টারের ক্যাপশনে লিখেছেন: “এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!”

সিনেমাটির গল্প ঘিরে এখনও রহস্য বজায় রেখেছে নির্মাতা দল। মোশাররফ করিমের চরিত্রটি খলনায়ক, না কি প্রতিশোধপরায়ণ নায়ক—তা এখনও স্পষ্ট নয়। তবে এরই মধ্যে এই চরিত্র নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে।

এর আগে ২৫ এপ্রিল প্রকাশিত হয়েছিল সিনেমাটির প্রথম পোস্টার, যেখানে শরীফুল রাজকে দেখা যায় কুড়াল হাতে, মুখে রক্তের দাগ আর ঠোঁটে মুচকি হাসি নিয়ে ভয়ংকর রূপে। সেই পোস্টারে লেখা ছিল: “ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ!”

এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটছে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। রাজ ও ফারিণ জুটি হয়ে ধুন্ধুমার অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর গল্পে হাজির হচ্ছেন।

সিনেমাটির ট্রেইলার এখনো প্রকাশ হয়নি, তবে পোস্টার ও চরিত্রগুলোর লুক ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে। ঈদে মুক্তি পাওয়া এই সিনেমাটি হতে পারে ঢাকাই সিনেমার অ্যাকশন ঘরানার নতুন চমক।

This post was viewed: 31

আরো পড়ুন