Skip to main content

Ridge Bangla

শর্ত সাপেক্ষে অভিনয়ে ফিরতে চান ববিতা

দেশের কিংবদন্তি অভিনেত্রী ববিতা দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে থাকলেও এখনো পর্দাকে বিদায় জানাননি। বরং সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, যদি চরিত্রটি মনের মতো হয় এবং গল্প তাকে কেন্দ্র করেই লেখা হয়, তাহলে তিনি অবশ্যই অভিনয়ে ফিরবেন।

ববিতার সর্বশেষ অভিনীত সিনেমা ছিল নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’, যা মুক্তি পেয়েছিল প্রায় এক দশক আগে। বর্তমানে তিনি গুলশানের নিজ বাসায় সময় কাটালেও বছরের কয়েক মাস কাটান কানাডায় তার একমাত্র ছেলে অনিকের সঙ্গে। ছেলের সঙ্গে ফোনে কথা বলা, দেশ-বিদেশের সিনেমা দেখা ও পরিবারকে সময় দিয়েই কাটে তার দিন।

ববিতা জানান, অভিনয় না করলেও স্মৃতিতে তিনি রোমাঞ্চিত থাকেন। বলেন, “ফারুক ভাই, রাজ্জাক ভাই, জহির রায়হানসহ অসংখ্য গুণী মানুষের সঙ্গে কাজ করেছি। এমনকি সত্যজিৎ রায়ের সিনেমায়ও কাজ করার সৌভাগ্য হয়েছে। এসব অভিজ্ঞতা আমাকে চিরতরে সমৃদ্ধ করেছে।”

বর্তমানে যে চরিত্রগুলোর প্রস্তাব পান, তা নিজেকে উপযোগী মনে করেন না ববিতা। তিনি বলেন, “শুধু মা বা পার্শ্বচরিত্রে নয়, আমার জন্য যদি গল্প তৈরি হয়, তাহলে অভিনয়ে ফেরা অসম্ভব নয়।” পাশাপাশি যুক্ত করেন, পাশের দেশে অমিতাভ বচ্চন কিংবা প্রয়াত শ্রীদেবীও বয়সের সীমা ছাড়িয়ে এখনও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। “আমাদের দেশেও সেই সংস্কৃতি গড়ে তোলা উচিত,” বলেন ববিতা।

এ অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, তিনি এখনো অভিনয়কে বিদায় বলেননি, বরং অপেক্ষায় আছেন একটি অর্থবহ চরিত্র ও উপযুক্ত কনটেন্টের।

This post was viewed: 59

আরো পড়ুন