Skip to main content

Ridge Bangla

আসছে জয়ার নতুন সিনেমা

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘জয়া আর শারমিন’ মুক্তি পাচ্ছে ১৬ মে প্রেক্ষাগৃহে। সিনেমাটি পরিচালনা করেছেন বিজ্ঞাপন নির্মাতা পিপলু আর খান।

সিনেমাটি সম্পর্কে নির্মাতা বলেন, “ছোট্ট পরিসরে, গভীর আবেগ নিয়ে তৈরি হওয়া সিনেমাটি অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত।” ইতোমধ্যে এটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।

গল্পের মূলকেন্দ্রে রয়েছে জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের আখ্যান। কোভিড-১৯ মহামারির সময়ে, একটি বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেরা নিজেদের জন্য তৈরি করে নেন একটি ছোট ভুবন। তবে বাইরের ভয়াবহ বাস্তবতা ধীরে ধীরে তাদের বন্ধুত্বে ফাটল ধরায়। ভয়, সাহস, বন্ধুত্ব আর হারানোর অনুভূতির সমন্বয়ে গড়ে ওঠা এক আন্তরিক কাহিনি ফুটে উঠবে সিনেমায়।

মাত্র ১৫ দিনে, সীমিত একটি টিম নিয়ে কঠিন সময়ের মধ্যে সিনেমাটি নির্মাণ করা হয়। এতে অভিনয় করেছেন জয়া আহসান, মোহসিনা আক্তার ও তানজিম সাইয়ারা তটিনী। গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম।

এ সিনেমায় অভিনয়ের পাশাপাশি জয়া আহসান যৌথ প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন। শারমিন চরিত্রে অভিনয় করেছেন মোহসিনা আক্তার। সিনেমাটির ট্রেলার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এবং তা ঘিরে দর্শকদের আগ্রহও বাড়ছে।

জয়া আহসান বলেন, “দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা সিনেমা; কিন্তু আশা করি, দর্শকের অনুভূতিকে নাড়া দেবে।”

This post was viewed: 85

আরো পড়ুন