সন্তানের জন্ম একজন নারীর জীবনে নতুন অধ্যায়ের সূচনা করে—সে সাধারণ মানুষ হোক বা তারকা। ঠিক তেমনই এক নতুন অধ্যায় শুরু হয়েছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জীবনে। কন্যাসন্তান ‘দুয়া’র জন্মের পর বদলে গেছে তার জীবনের অগ্রাধিকার ও দৃষ্টিভঙ্গি।
সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ওয়েভস সামিট’-এ দীপিকা নিজের মাতৃত্বজীবনের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, “আমি এখন এক নতুন জীবন উপভোগ করছি। মা হওয়ার পর জীবনে অনেক কিছুই যুক্ত হয়েছে। একটা নতুন প্রাণের সমস্ত দায়িত্ব এখন আমার কাঁধে।”
আগে যেখানে ক্যারিয়ার, খ্যাতি ও উপার্জন ছিল জীবনের মুখ্য বিষয়, এখন তার পুরো পৃথিবীজুড়ে কেবল একটি নাম—‘দুয়া’। দীপিকা বলেন, “আমি সবসময়ই মা হতে চেয়েছিলাম। এখন বুঝতে পারছি, একজন মায়ের কাছে মাতৃত্ব কী অর্থ বহন করে। প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। মেয়েকে ঘিরেই এখন আমার চিন্তাভাবনা। সত্যিই, জীবনটাই বদলে গেছে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকা ও রণবীর সিং-এর ঘর আলো করে আসে তাদের একমাত্র কন্যাসন্তান ‘দুয়া’। বর্তমানে দীপিকা অধিকাংশ সময় কাটাচ্ছেন মেয়ের সাথেই এবং মাতৃত্বের এই অনন্য অভিজ্ঞতাকে গভীরভাবে উপভোগ করছেন।