Skip to main content

Ridge Bangla

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্বাচনই একমাত্র পথ: আমির খসরু

বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় একটি অংশগ্রহণমূলক নির্বাচনই একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, “গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য নির্বাচনই একমাত্র পথ। এর কোনো দ্বিতীয় বিকল্প নেই।” তিনি আরও বলেন, “আপনি যত সংস্কারের কথাই বলুন না কেন, দিনশেষে তা হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই। কাউকে বাংলাদেশের মালিকানা দেওয়া হয়নি যে তিনি এককভাবে সংস্কার করবেন।”

তিনি হুঁশিয়ার করে বলেন, “কেউ যদি মনে করেন, শেখ হাসিনার হাতে থাকা মালিকানা এখন অন্য কেউ নিয়েছে এবং জনগণের মতামতের তোয়াক্কা না করে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, তবে তারা ভুল করছেন। বাংলাদেশের মালিক একমাত্র জনগণ, তারাই ঠিক করবেন ভবিষ্যতে কী ধরনের সংস্কার হবে।”

আমির খসরু বলেন, এসব বিষয় নিয়ে সংসদে ও সংসদের বাইরে উভয় ক্ষেত্রেই জাতীয় আলোচনা প্রয়োজন রয়েছে।

This post was viewed: 53

আরো পড়ুন