আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা জারির পর এবার দলটির নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ মে) রাতে নির্বাচন কমিশন ভবনে চার ঘণ্টাব্যাপী এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে রাত ৯টার পর ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ-ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। সেই প্রেক্ষিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার।”
তিনি আরও জানান, ইতোমধ্যে প্রজ্ঞাপন গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে এবং তা দ্রুতই প্রকাশিত হবে। নিবন্ধন স্থগিতের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আখতার আহমেদ বলেন, “আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নিয়েছি।”
উল্লেখ্য, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার, আইন শাখার কর্মকর্তা এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ৯০ (জ) অনুচ্ছেদ ১(খ) অনুযায়ী, সরকার ঘোষিত নিষিদ্ধ দলের নিবন্ধন বাতিল বা স্থগিত করা যায়। এই বিধান অনুযায়ীই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, যার ফলে দলটি এখন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না—এমনটাই স্পষ্ট হচ্ছে।