বিশ্ব মা দিবস উপলক্ষে আলী-রূপা ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মা পদক ২০২৫’ প্রদান অনুষ্ঠান। এবারের আসরে বিশেষ এই সম্মাননায় ভূষিত হচ্ছেন বাংলাদেশের বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর।
পুরস্কার প্রসঙ্গে ডলি জহুর বলেন, “জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননাসহ দেশে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু মায়ের চরিত্রে অভিনয়ের জন্য এ ধরনের স্বীকৃতি এই প্রথম। তাই এই ‘মা পদক’ আমার কাছে একেবারেই ভিন্নমাত্রার গুরুত্ব বহন করছে।”
তিনি আরও বলেন, “আমি সারা জীবন অভিনয় করেছি, মন দিয়ে কাজ করার চেষ্টা করেছি। অভিনয়ের বিনিময়ে কী পারিশ্রমিক পাব, তা নিয়ে কখনো ভাবিনি। সবসময় ভেবেছি, চরিত্রটি যেন ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে পারি। এই অভিনয়ই আমাকে দেশের মানুষের ভালোবাসা এনে দিয়েছে। এখনো অভিনয় করতে ভালো লাগে, যদিও কাজের পরিমাণ অনেক কমে গেছে। শরীর খুব ভালো নেই, কিন্তু যতদিন বাঁচি, অভিনয় করে যেতে চাই।”
এর আগে ‘মা পদক’ পেয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের আরও তিনজন গুণী অভিনেত্রী—২০২২ সালে শবনম, ২০২৩ সালে দিলারা জামান এবং ২০২৪ সালে আনোয়ারা। এবার সেই তালিকায় যুক্ত হলেন ডলি জহুর।