Ridge Bangla

অভিনয়ে আর ফিরবেন না ‘প্রিয়দর্শিনী’ মৌসুমী

ঢালিউডের একসময়ের সবচেয়ে জনপ্রিয় নায়িকা ‘প্রিয়দর্শিনী’ মৌসুমী হয়তো আর কখনো ফিরছেন না অভিনয়ের জগতে। এমনটাই জানালেন তাঁর স্বামী ও অভিনেতা ওমর সানী। সৌন্দর্য, সাবলীল অভিনয় ও মাধুর্যে যিনি এক সময় পর্দা কাঁপিয়েছিলেন, সেই মৌসুমী এখন পুরোপুরি পরিবারকেন্দ্রিক জীবনযাপন করছেন।

২০২৩ সালের অক্টোবর মাস থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। তাঁর সঙ্গে রয়েছেন মেয়ে ফারদিন ও অসুস্থ মা। ওমর সানী জানান, আপাতত তাঁর দেশে ফেরার পরিকল্পনা নেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, “মৌসুমী এখনই ফিরছে না। মেয়ের পড়াশোনা, শাশুড়ির অসুস্থতা—সব মিলিয়ে পরিবারই তার অগ্রাধিকার।”

সানীর কণ্ঠে ছিল কিছুটা আক্ষেপও। তিনি বলেন, “ও (মৌসুমী) বলেছে, সে নাকি ভুলে যেতে চায়, সে কোনোদিন মৌসুমী ছিল! কথাটা খুবই কষ্টের। তাঁর মতো একজন কিংবদন্তিকে নিয়ে ভালো কাজের পরিকল্পনা কারও মধ্যে নেই। নতুন প্রজন্মের অনেকেই নিজেদের মৌসুমীর চেয়েও বড় তারকা ভাবে—এটাই বাস্তবতা।”

বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন মৌসুমী। ফলে সম্ভবত ঢালিউডের রূপালি পর্দায় আর দেখা যাবে না এই চিরচেনা মুখকে। তবে দর্শকদের হৃদয়ে তিনি চিরকাল থাকবেন ‘প্রিয়দর্শিনী’ নামেই।

This post was viewed: 38

আরো পড়ুন