Skip to main content

Ridge Bangla

আবারও ব্যাটিং ব্যর্থতা, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ালো বাংলাদেশ

লাহোরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আবারও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিল বাংলাদেশ। শুক্রবার (৩০ মে) গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামে সফরকারীরা। পাকিস্তান প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২০১ রান তোলে। জবাবে ১৯ ওভারে মাত্র ১৪৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নেয় স্বাগতিক পাকিস্তান।

ম্যাচের শুরুতেই ওপেনার সাঈম আইয়ুবকে রানআউট করে ভালো সূচনা পায় বাংলাদেশ। তবে এরপর শাহিবজাদা ফারহান (৭৪) ও মোহাম্মদ হারিস (৪১) দ্বিতীয় উইকেটে ১০৩ রানের জুটি গড়েন। হাসান নেওয়াজ ২৬ বলে ৫১ রানে অপরাজিত থাকেন। শেষদিকে অধিনায়ক সালমান আঘা ১২ বলে ১৯ রান করেন। বাংলাদেশের হয়ে তানজিম সাকিব ২টি, হাসান মাহমুদ ২টি এবং রিশাদ হোসেন ১টি উইকেট নেন।

জবাব দিতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিম উজ্জ্বল সূচনা করলেও ইনিংস বড় করতে পারেননি। ১৯ বলে ৩৩ রান করে আউট হন তিনি। এরপর দ্রুতই উইকেট হারাতে থাকে বাংলাদেশ—লিটন দাস (৬), হৃদয় (৫), জাকের আলী (০), শামীম (৭), রিশাদ (১)—সবাই ব্যর্থ। মাত্র ৭৭ রানে ৭ উইকেট হারায় সফরকারীরা।

শেষদিকে কিছুটা লড়াই করেন মেহেদী হাসান মিরাজ (২৩) ও তানজিম সাকিব। তানজিম ৩১ বলে ৫০ রান করেন, মারেন ৫টি ছক্কা ও একটি চার। তবে ইনজুরির কারণে শরিফুল ইসলাম ব্যাটিংয়ে নামতে না পারায় এক ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

পাকিস্তানের পক্ষে লেগ স্পিনার আবরার আহমেদ ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০১/৬ (২০ ওভার) – ফারহান ৭৪, নেওয়াজ ৫১, হারিস ৪১; তানজিম ২/৩৬
বাংলাদেশ: ১৪৪ অলআউট (১৯ ওভার) – তানজিম ৫০, তানজিদ ৩৩, মিরাজ ২৩; আবরার ৩/১৯
ফল: পাকিস্তান ৫৭ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সাহিবজাদা ফারহান
সিরিজ অবস্থা: পাকিস্তান ২-০ ব্যবধানে এগিয়ে

This post was viewed: 67

আরো পড়ুন