সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় রুপিসহ মো. রফিক মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি উপজেলার বড়ছড় গ্রামের মৃত রুসমত আলীর ছেলে।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) বিরেন্দ্রনগর বিওপির একটি টহল দল নিয়মিত অভিযানের সময় তাকে আটক করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত পিলার ১১৯৩/৪-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রংগাছড়া এলাকায় রফিক মিয়াকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পাওয়া যায় মোট ৩৪ হাজার ভারতীয় রুপি।
জিজ্ঞাসাবাদে রফিক মিয়া স্বীকার করেন, তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলেন এবং সেখান থেকে রুপি নিয়ে দেশে ফিরছিলেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আটক ব্যক্তিকে ভারতীয় রুপিসহ তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।