বাংলাদেশি সিনেমা ‘জংলি’ এবার উর্দু ভাষায় ডাবিং হয়ে মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানে। এটি হতে যাচ্ছে প্রথম বাংলা সিনেমা, যা উর্দুতে ডাবিং করে পাকিস্তানের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ এবং পরিচালনা করেছেন এম রাহিম।
গত ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পাওয়া ‘জংলি’ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর এটি যুক্তরাষ্ট্র ও কানাডার ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং প্রবাসী বাঙালি দর্শকদের মধ্যেও প্রশংসা কুড়ায়। দেশ-বিদেশের এই সাফল্যের ধারাবাহিকতায় এবার সিনেমাটি পাকিস্তানে মুক্তি পাচ্ছে।
পাকিস্তানে সিনেমাটি পরিবেশন করবে লাহোরভিত্তিক প্রতিষ্ঠান ‘সিনে এন্টারটেইনমেন্ট’। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী জানান, “বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। উর্দু ডাবিংয়ের কাজ চলছে। খুব শিগগিরই সিনেমাটি পাকিস্তানে মুক্তি পাবে। এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ।”
‘জংলি’ সিনেমায় সিয়ামের পাশাপাশি অভিনয় করেছেন শিশুশিল্পী নৈঋতা (পাখি চরিত্রে), চিত্রনায়িকা বুবলী এবং অভিনেত্রী দিঘী। সিনেমার সংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। গল্প লিখেছেন আজাদ খান এবং চিত্রনাট্য রচনা করেছেন মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা।
সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, “আমরা আশাবাদী, পাকিস্তানের দর্শকরা ‘জংলি’ সিনেমাটি উপভোগ করবেন। ডাবিংয়ের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে, শিগগিরই মুক্তির তারিখ জানিয়ে দেওয়া হবে।”