Skip to main content

Ridge Bangla

মৌলভীবাজারে প্রকাশ্যে ছুরিকাঘাতে অটোরিকশাচালক খুন

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে শাহীন আহমেদ (২৮) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার সকালে পৌর শহরের ব্যস্ততম এলাকা দক্ষিণবাজারে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত শাহীন পৌরসভার জয়পাশা এলাকার বাসিন্দা এবং ইসহাক আলীর ছেলে। ঘটনাস্থল কুলাউড়া থানা ভবনের মাত্র ১০০ গজ দূরে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে একটি সিএনজি অটোরিকশা থেকে কতিপয় দুর্বৃত্ত বের হয়ে শাহীনকে ধাওয়া করে। একপর্যায়ে অটোরিকশায় বসা অবস্থায় এক হামলাকারী ছুরি দিয়ে তাকে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে পথচারীরা শাহীনকে আহত অবস্থায় উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত শাহীনের স্ত্রী ও ৩ বছর বয়সী এক ছেলে রয়েছে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আফসার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহীনের ভাই বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত করতে তৎপরতা চালাচ্ছে।

This post was viewed: 49

আরো পড়ুন