ঢাকায় পুনরায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম চালু হওয়ায় অস্ট্রেলিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কৃতজ্ঞতা জানান।
সাক্ষাতে হাইকমিশনার জানান, এখন থেকে বাংলাদেশি নাগরিকরা অনলাইনের মাধ্যমে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন। তিনি বলেন, বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় ৬৫ হাজার বাংলাদেশি এবং ১৪ হাজার শিক্ষার্থী অবস্থান করছেন।
বৈঠকে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম, আসন্ন জাতীয় নির্বাচন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস জানান, সংবিধান, বিচার বিভাগ ও প্রশাসনিক কাঠামোতে সংস্কারের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে সরকার। সব রাজনৈতিক দলকে নিয়ে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। এ সময় তিনি জুলাই মাসে ‘জুলাই সনদ’ ঘোষণার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।
অস্ট্রেলিয়া নির্বাচনী সহায়তার অংশ হিসেবে ইউএনডিপির মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে ২০ লাখ ডলার সহায়তা দেবে বলে জানান হাইকমিশনার রাইল। তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ইতোমধ্যে ৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ছাড়িয়েছে। রোহিঙ্গা সংকটে অতিরিক্ত ৯.৬ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়ে তিনি জানান, এ পর্যন্ত অস্ট্রেলিয়া মোট ৫৫৩.৬ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম উপস্থিত ছিলেন।