ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রাক্তন প্রেমিককে ঘিরে ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেখানে সম্পর্ক, বিশ্বাসভঙ্গ ও হতাশার বিষয়গুলো স্পষ্টভাবে উঠে এসেছে।
অহনা জানান, জীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু যে মানুষকে ঘিরে কেটেছে, সেই তিনিই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন তাকে। তার ভাষায়, “সে একজন ভয়ংকর মানুষ। তার মতো আচরণ দেখে আমি পুরুষদের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছি। সে মানুষ হিসেবে কোনো ক্যাটাগরিতে পড়ে না।”
তিনি আরও বলেন, একাধিকবার সুযোগ দেওয়ার পরও প্রতারিত হয়েছেন তিনি। যদিও ওই ব্যক্তির নাম কখনো প্রকাশ করেননি অহনা।
এই অভিনেত্রী মনে করেন, কিছু পুরুষের অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ সমাজে সব পুরুষের প্রতি অবিশ্বাস তৈরি করে, যা এক ধরনের সামাজিক ক্ষতি।
তিনি বলেন, “নারীরা সবসময় এক কেয়ারিং সঙ্গী খোঁজেন। টাকা দিয়ে সম্পর্ক টেকে না। একটা ছেলের দায়িত্ববোধ না থাকলে সে লয়্যাল হলেও কিছু যায় আসে না। আমার প্রাক্তনের মতো কিছু মানুষই আসলে অন্যদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে।”
সম্পর্কে প্রতারণা বা পরকীয়ার অভিযোগ না থাকলেও অহনা নিশ্চিত করেন, তার প্রাক্তন ব্যক্তি ছিলেন দায়িত্বজ্ঞানহীন। আর সে কারণেই ভবিষ্যতে আর কোনো সম্পর্কে জড়াতে আগ্রহী নন তিনি।