Skip to main content

Ridge Bangla

শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের কথামতো পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখবে ইরান

কিছু নির্দিষ্ট শর্ত পূরণ হলে ইরান পারমাণবিক কর্মসূচির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম যুক্তরাষ্ট্রের অনুরোধে স্থগিত রাখতে রাজি হতে পারে। পারমাণবিক আলোচনা সম্পর্কে অবগত দুজন ইরানি কর্মকর্তা বুধবার এই তথ্য জানিয়েছেন বলে রয়টার্স জানিয়েছে।

তাদের মতে, তেহরানের জব্দকৃত বৈদেশিক মুদ্রা ছাড় দেওয়া এবং বেসামরিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকার করে নিলে ইরান পারমাণবিক কর্মসূচি এক বছরের জন্য স্থগিত রাখতে পারে। তারা আরও জানান, ইতোমধ্যে সমৃদ্ধ করা ইউরেনিয়াম হয় বিদেশে পাঠানো হবে, নতুবা বেসামরিক জ্বালানি উৎপাদনের উদ্দেশ্যে রূপান্তর করা হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি তেহরানের এসব শর্ত মেনে নেয়, তবে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আলোচনার নতুন দ্বার উন্মুক্ত হতে পারে। তবে এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, এখনও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

এদিকে আলজাজিরা জানিয়েছে, পারমাণবিক ইস্যুতে চলমান আলোচনা প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে বলেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি নেতানিয়াহুকে বলেছি, এখনই হামলা করা ঠিক হবে না, কারণ আমরা সমাধানের খুব কাছাকাছি।”

এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এক মার্কিন কর্মকর্তা বলেছেন, “তেহরানের পক্ষ থেকে এ ধরনের কোনও শর্ত এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আলোচনায় উত্থাপিত হয়নি।” এই বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মন্তব্য জানতে চাইলেও রয়টার্স কোনো সাড়া পায়নি।

This post was viewed: 67

আরো পড়ুন