Skip to main content

Ridge Bangla

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন কৌতুক অভিনেতা রাকেশ পূজারী

কন্নড় ও তুলু বিনোদন জগতের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাকেশ পূজারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ৩৩ বছর বয়সে অকালপ্রয়াত এই শিল্পী রোববার (১১ মে) দিবাগত রাতে কর্ণাটকের উদুপি জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, বিয়ের মেহেদি অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন রাকেশ। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুকে কেন্দ্র করে কারকালা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

রাকেশ পূজারীর মৃত্যুতে কন্নড় বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তার হঠাৎ প্রস্থানে ভেঙে পড়েছেন।

রাকেশ ২০২০ সালে কন্নড় টিভি রিয়েলিটি শো ‘কমেডি খিলাদিগালু ৩’ তে বিজয়ী হয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এর আগে তিনি ‘কদলে বাজিল’ নামক আরেকটি রিয়েলিটি শো থেকেও পরিচিতি পান।

অভিনয় জীবনেও তিনি ছিলেন সক্রিয়। কন্নড় ও তুলু ভাষার ‘আম্মার পুলিশ’ এবং ‘উমিল’ ছবিতে অভিনয় করেছেন। মৃত্যুর দিনও ‘কান্তারা: অধ্যায় ১’ নামের একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন, যেখানে তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে কাজ করছিলেন।

‘কমেডি খিলাদিগালু’ শোয়ের এক বিচারক তাকে স্মরণ করে বলেন, “সদা হাস্যোজ্জ্বল রাকেশ, আমার প্রিয় রাকেশ… সবচেয়ে মিষ্টি, দয়ালু ও প্রেমময় ব্যক্তি। তোমাকে অনেক মিস করব।”

This post was viewed: 52

আরো পড়ুন