Skip to main content

Ridge Bangla

সনম তেরি কসম-২’ থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী মাওরা হুসাইন

কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে বলিউডে পাকিস্তানি শিল্পীদের বয়কটের দাবি ফের জোরালো হয়েছে। এরই ধারাবাহিকতায় বড় সিদ্ধান্ত নিলেন ‘সনম তেরি কসম-২’ সিনেমার নির্মাতারা রাধিকা রাও ও বিনয় সাপ্রু। তারা ঘোষণা করেছেন, আসন্ন সিনেমাটি থেকে পাকিস্তানি অভিনেত্রী মাওরা হুসাইনকে বাদ দেওয়া হয়েছে।

নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, “দেশ, রাজ্য বা জনগণের বিরুদ্ধে যেকোনো সন্ত্রাসই ঘৃণিত। পাকিস্তানি তারকারা ভারতে কাজ করেছেন, ভালোবাসা পেয়েছেন, এমন সময়ে তাদের নীরবতা কষ্ট দেয়। কেউ কেউ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঘিরেও নেতিবাচক মন্তব্য করছেন। কিন্তু আমাদের অবস্থান স্পষ্ট—দেশ সবার আগে।”

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন পর্যটক। এই ঘটনার পর ভারতজুড়ে তৈরি হয় উত্তেজনা। মাওরা হুসাইন হামলায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করলেও হামলার ঘটনা সরাসরি উল্লেখ করেননি। তার এই ‘নিরপেক্ষ’ অবস্থান অনেক ভারতীয়র চোখে নেতিবাচকভাবে ধরা পড়ে।

সিনেমার মূল অভিনেতা হর্ষবর্ধন রানেও জানিয়েছেন, তিনি কোনো পাকিস্তানি শিল্পীর সঙ্গে একসঙ্গে কাজ করবেন না। এরপরই মাওরাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

‘সনম তেরি কসম’ ছিল ২০১৬ সালের সফল একটি প্রেমের সিনেমা। সিক্যুয়েলটি চলতি বছরেই মুক্তির কথা থাকলেও মাওরার বাদ পড়া সিনেমার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

This post was viewed: 47

আরো পড়ুন