Skip to main content

Ridge Bangla

চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা ও জনভোগান্তি নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার ক্ষোভ প্রকাশ

চিকিৎসা সেবায় অব্যবস্থাপনা ও সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে কঠোর ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির (ওএসবি) ৫২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওএসবি আহ্বায়ক অধ্যাপক ডা. মো. শাহাব উদ্দিন।

নূরজাহান বেগম বলেন, “রোগী ভর্তি থেকে শুরু করে অন্যান্য সেবা এখনো সাধারণ মানুষের জন্য সহজলভ্য নয়। অনেক চিকিৎসক সময়মতো হাসপাতালে যান না। যদি তারা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন না করেন, তাহলে স্বাস্থ্যসেবায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না।”

তিনি চিকিৎসকদের পেশাগত দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন এবং স্বাস্থ্যখাতে কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। নিজেকে বদলে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সংস্কার যদি নিজের ভেতরে না আসে, তাহলে পরিবর্তন সম্ভব না।”

স্বাস্থ্যসেবার উন্নয়নে প্রযুক্তিনির্ভর উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিদেশে চিকিৎসার জন্য যেন কাউকে যেতে না হয়, সে লক্ষ্যে রোবোটিক্স ও ফিজিওথেরাপির মতো আধুনিক সেবা চালু করতে হবে।”

তিনি আরও বলেন, ভালো চিকিৎসকদের দেশে বিভিন্ন অঞ্চলে পাঠাতে হবে, প্রয়োজনে বেশি বেতন দিয়েও। এ প্রসঙ্গে তিনি চিকিৎসকদের বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান এবং বলেন, “এটি দ্রুত বাস্তবায়ন হবে বলে আশা করি।”

উপদেষ্টা আরও জানান, ৭ হাজার চিকিৎসককে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তাদের মধ্যে দায়িত্ববোধ জাগ্রত করতে সহায়ক হবে।

তিন দিনব্যাপী এই সম্মেলনে দেশি-বিদেশি চক্ষু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। আয়োজকদের আশা, এই সম্মেলন দেশের চক্ষু চিকিৎসা খাতে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, বিএমইউ’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন।

This post was viewed: 291

আরো পড়ুন