Skip to main content

Ridge Bangla

সরিষাবাড়ীতে বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের হামলা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে পারপাড়া গ্রামের তেঁতুলতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন।

আহতরা হলেন—ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হাসান নাহিদ (২৫), যুবদল নেতা আলমগীর হোসেন (৪০), সোহেল রানা (৩৫), কবির হোসেন (৩০), গোলাম রব্বানী (৪০) ও ছাত্রদল কর্মী জুয়েল রানা (২২)। বর্তমানে তারা সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই দিন সন্ধ্যায় মাদকবিরোধী সচেতনতামূলক একটি আলোচনা সভা শেষে বাড়ি ফিরছিলেন ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মী। পথে তেঁতুলতলা এলাকায় পৌঁছালে হামলার শিকার হন তারা। অভিযোগ রয়েছে, হামলাকারীরা বাঁশের লাঠি, লোহার রড ও জিআই পাইপ দিয়ে তাদের উপর আঘাত করে গুরুতর আহত করেন। এ সময় হামলাকারীরা দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেন।

আহত ছাত্রদল নেতা নাজমুল হাসান নাহিদ দাবি করেন, “আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার পর তাদের কিছু কর্মী ইউনিয়ন বিএনপির একটি অংশের সঙ্গে গোপনে জোট বাঁধে এবং তাদের অভ্যন্তরীণ কোন্দলে আমাদের ব্যবহার করছে।” তিনি ঘটনাটিকে পূর্বপরিকল্পিত বলেও উল্লেখ করেন।

তবে ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির খান বলেন, “আমি যতদূর জানি, এটি কোনো রাজনৈতিক হামলা নয়। মাটি বাণিজ্যকে কেন্দ্র করে স্থানীয় বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। তবুও বিষয়টি খতিয়ে দেখা হবে।”

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ হাসান বলেন, “এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

This post was viewed: 42

আরো পড়ুন