দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া তার রূপ ও অভিনয় গুণে দীর্ঘদিন ধরেই দর্শকদের মুগ্ধ করে আসছেন। কিছুদিন আগে অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর, তাকে ঘিরে নানা গুঞ্জন ও আলোচনার জন্ম দেয়। তবে এসব ট্রল ও সমালোচনার বিষয়ে কী ভাবেন তিনি?
সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেন তামান্না। তিনি বলেন, “কোনটা গঠনমূলক সমালোচনা, তা আমি এই দীর্ঘ পথচলায় শিখেছি। কারণ, সব সময়ই সমালোচনা থাকবে। কিছু মতামত অবশ্যই গ্রহণযোগ্য, সব কিছুই ভিত্তিহীন নয়। আমি বুঝতে শিখেছি কোনটা ট্রল আর কোনটা আসলেই উপকারে আসতে পারে। পছন্দ হোক বা না হোক, এক চিমটি লবণ মিশিয়ে সব কিছুই গ্রহণ করি।”
তামান্না অভিনীত সর্বশেষ সিনেমা ‘ওডেলা টু’ মুক্তি পায় গত ১৭ এপ্রিল। ছবিটি দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও, তামান্নার অভিনয় আলাদা করে নজর কাড়ে। তার আগের কাজগুলোতেও তিনি বৈচিত্র্যময় পারফরম্যান্স উপহার দিয়েছেন।
এর আগে ‘স্ত্রী টু’ সিনেমার ‘আজ কি রাত’ গানে আইটেম পারফরম্যান্স করে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেন তামান্না। পঙ্কজ ত্রিপাঠি ও রাজকুমার রাওয়ের সঙ্গে করা সেই পারফরম্যান্স ইউটিউবে প্রকাশের পরপরই বৈশ্বিকভাবে ট্রেন্ডিংয়ের দ্বিতীয় স্থানে উঠে আসে। তার আবেদনময়ী উপস্থিতি ও নৃত্যকৌশল এখনো দর্শকদের মনে দাগ কেটে রয়েছে।
ভাঙা সম্পর্ক, সমালোচনা কিংবা সামাজিক ট্রল—তামান্না ভাটিয়া এগিয়ে যাচ্ছেন আত্মবিশ্বাসের সঙ্গেই। অভিনয়, নাচ ও ব্যক্তিত্বের মধ্য দিয়ে তিনি প্রমাণ করে চলেছেন তার অবস্থান।