Skip to main content

Ridge Bangla

পাকিস্তানী গোলায় আহত আরেক বিএসএফ সদস্যের মৃত্যু

জম্মুর আরএস পুরা অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে আহত বিএসএফ সদস্য কনস্টেবল দীপক চিংগাখাম (২৫) রবিবার মারা গেছেন। তিনি মণিপুর রাজ্যের বাসিন্দা ছিলেন। গত শনিবার রাতে সংঘটিত গোলাগুলির ঘটনায় তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় একজন বিএসএফ সদস্য আগেই নিহত হয়েছিলেন এবং আহত হয়েছিলেন আরও আটজন।

বিএসএফ এক বিবৃতিতে জানায়, “দেশের সেবায় বিএসএফ-এর বীর কনস্টেবল (জিডি) দীপক চিংগাখামের চূড়ান্ত আত্মত্যাগকে আমরা শ্রদ্ধা জানাই।” জম্মুর পালৌরায় বিএসএফ ফ্রন্টিয়ার সদর দপ্তরে তাঁর শেষকৃত্য পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন হবে।

মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রী এন. বিরেন সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে দীপকের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তাকে “মণিপুরের গর্বিত সন্তান” বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, শনিবারের সংঘাতে নিহত আরেক বিএসএফ সদস্য ছিলেন সাব-ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ। তিনি বিহারের সারণ জেলার বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতেও বিএসএফ গভীর শ্রদ্ধা জানায়। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শোক জানিয়ে বলেন, সরকারের নীতিমালা অনুযায়ী তাঁর পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

গত ৭ মে থেকে শুরু হওয়া ‘অপারেশন সিন্দুর’-এর পর থেকে সীমান্তের ওপার থেকে ভারী গোলাবর্ষণ ও গুলিবর্ষণে এখন পর্যন্ত ১৮ জন বেসামরিক ব্যক্তি এবং সাতজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

This post was viewed: 53

আরো পড়ুন