Skip to main content

Ridge Bangla

জুলাই-আগস্টের সব হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার

চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম দাবি করেছেন, জুলাই ও আগস্টে ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত সব হত্যাকাণ্ডের সর্বোচ্চ দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বর্তায়।

সোমবার (১২ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বেলা ১১টার দিকে তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর ও তদন্ত কর্মকর্তারা এই প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে হস্তান্তর করেন।

প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, হত্যা, উসকানি, প্ররোচনা এবং সরাসরি নির্দেশনার অভিযোগসহ পাঁচটি গুরুতর অভিযোগ আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম বলেন, “জুলাই গণহত্যায় সংঘটিত সব হত্যাকাণ্ডে সুপিরিয়র রেসপনসিবিলিটি শেখ হাসিনার। তিনি উসকানি ও নির্দেশনার মাধ্যমে এসব অপরাধ সংঘটনে দায়ী।”

প্রাথমিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধেই তদন্ত শুরু হলেও পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এই তদন্তে অন্তর্ভুক্ত করা হয়।

গত বছরের ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের ঘটনাগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল। তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ মোট ৪৬ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

This post was viewed: 57

আরো পড়ুন