Skip to main content

Ridge Bangla

এনবিআর ও আইআরডি বিলুপ্ত, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনায় নতুন অধ্যাদেশ জারি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করেছে। সোমবার (১২ মে) দিবাগত রাতে এই অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে এবং আয়কর ও কাস্টমস ক্যাডারদের মতামত উপেক্ষা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন অধ্যাদেশ অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগ এখন থেকে কর আইন প্রয়োগ এবং কর আদায়ের পরিস্থিতি মূল্যায়ন করবে। পূর্বের ব্যবহৃত ‘পরিবীক্ষণ’ শব্দের পরিবর্তে এবার ‘মূল্যায়ন’ শব্দটি ব্যবহার করা হয়েছে।

রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে এখন থেকে অ্যাডমিন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তা এবং মাঠপর্যায়ের কর্মচারীরাও থাকবেন। অধ্যাদেশে বলা হয়েছে, এনবিআরের সব জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে অন্তর্ভুক্ত হবে, এবং এখান থেকে প্রয়োজন অনুযায়ী রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা যাবে। আইআরডির জনবল রাজস্ব নীতি বিভাগে ন্যস্ত হবে।

অধ্যাদেশ জারির পর এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে মঙ্গলবার বিকেল ৩টা থেকে এনবিআর ভবনে অবস্থান ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এনবিআর সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৫ হাজার ৬৬৫ কোটি টাকা। বাকি তিন মাসে প্রতিদিন ২ হাজার ২৭৫ কোটি টাকা আদায় না হলে সরকার বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে।

This post was viewed: 57

আরো পড়ুন