বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানায় দায়েরকৃত সাগর হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টা ১৭ মিনিটে মমতাজকে আদালতে হাজির করে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে শুনানির জন্য তোলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম আদালতে মমতাজের সাত দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন।
দুই পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজকে গ্রেপ্তার করে পুলিশ। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতা ছড়াতে মমতাজ বেগমের ভূমিকা ছিল এবং তার প্রত্যক্ষ মদদে ছাত্রনেতা সাগর খুন হন।