Skip to main content

Ridge Bangla

কর্ণফুলীর খাল থেকে বস্তাবন্দি নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ব্লকেরপাড় বিডিপি ঘাটসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। কাছে গিয়ে বস্তা থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে তারা পুলিশকে খবর দেন। পরে কর্ণফুলী থানা ও নৌ থানা-পুলিশের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে ভাসমান বস্তাটি উদ্ধার করে। বস্তা খুলে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী এক নারীর অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে খালের পাড়ে স্থানীয়দের ভিড় জমে। তবে মরদেহে পচন ধরায় প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে ওই নারীকে হত্যার পর আলামত গোপনের উদ্দেশ্যে মরদেহ বস্তাবন্দি করে খালে ফেলে দেওয়া হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন বলেন, “ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

This post was viewed: 9

আরো পড়ুন