Skip to main content

Ridge Bangla

দক্ষ জনশক্তি গড়তে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

দেশের বিপুল মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই।

শনিবার (০১ আগস্ট) রাজধানীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কারিগরি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন।

তিনি বলেন, শুধু প্রচলিত শিক্ষাব্যবস্থার ওপর নির্ভর করে দেশের বিশাল মানবসম্পদকে কাজে লাগানো সম্ভব নয়। তাই কারিগরি শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে। এ লক্ষ্যেই দেশে নতুন করে ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

আ ন ম এহছানুল হক মিলন জানান, দেশের কারিগরি শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর চীন সফরের সময় বাংলাদেশের কারিগরি শিক্ষার মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

জুলাইয়ের আন্দোলনের স্মৃতিচারণ করে শিক্ষামন্ত্রী বলেন, জুলাইয়ের স্মৃতি কখনো মুছে ফেলা যাবে না। দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান ও স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, দক্ষ মানবসম্পদই বাংলাদেশের ভবিষ্যৎ। তাই দেশের তরুণদের দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করতে হবে।

বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে পরিবহন সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়ার আশ্বাসও দেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের বিষয়েও তিনি বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক এবং সংরক্ষিত নারী আসনের সদস্য সানজিদা তুলি বলেন, ‘দেশকে এগিয়ে নিতে দলীয়করণের ঊর্ধ্বে গিয়ে সবাইকে কাজ করা জরুরি। স্বৈরাচারের বিরুদ্ধে কোনো আপস নয়।’

এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে মতবিরোধ থাকলেও জুলাই নিয়ে মতবিরোধ নয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের স্মৃতিকথা তুলে ধরেন বক্তারা।’

This post was viewed: 6

আরো পড়ুন