চলতি আগস্ট মাসে সারা দেশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব্লিউওটি। একই সঙ্গে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। উজানের ভারী বৃষ্টির প্রভাবে উত্তরাঞ্চল, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বন্যার ঝুঁকিও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
শনিবার প্রকাশিত আগস্ট মাসের পূর্বাভাসে বলা হয়েছে, মাসের প্রথম সপ্তাহে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই সময়ে সমুদ্র তুলনামূলক শান্ত থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় সপ্তাহে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে বঙ্গোপসাগরে একটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে এবং সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত জারির প্রয়োজন হতে পারে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ধস এবং উত্তরাঞ্চলে বন্যার ঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।
মাসের তৃতীয় ও চতুর্থ সপ্তাহেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ভারী বৃষ্টির কারণে একাধিক নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। মাসের শেষ সপ্তাহে দক্ষিণ ও পূর্বাঞ্চলেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সময়ে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।
বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়েছে, আগস্ট মাসে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় বা তাপপ্রবাহের আশঙ্কা নেই। তবে বৃষ্টির বিরতিতে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
এ ছাড়া আগামী ১৪ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্ট চন্দ্রগ্রহণের ঘটনা ঘটবে। তবে এই দুই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাই বাংলাদেশ থেকে দেখা যাবে না।