Skip to main content

Ridge Bangla

ব্রড পিকে তুষারধস: নেপালি, ওমানি ও মার্কিন পর্বতারোহীর মরদেহ উদ্ধার

পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার ব্রড পিকে তুষারধসে নিহত ৩ পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার উদ্ধারকারীরা নেপাল, ওমান ও যুক্তরাষ্ট্রের ওই ৩ পর্বতারোহীর মরদেহ উদ্ধার করেন। এদিকে নিখোঁজ অন্যদের খুঁজে পেতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার প্রকাশিত গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ব্রড পিকের চূড়ায় আরোহনের সময় একটি আন্তর্জাতিক পর্বতারোহী দল তুষারধসের মুখে পড়ে। ঘটনার পর তারা বেস ক্যাম্পের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেন।

উদ্ধার হওয়া পর্বতারোহীরা হলেন নেপালের পুর বাহাদুর গুরুং, ওমানের নাথিরা আহমেদ এবং যুক্তরাষ্ট্রের ম্যালোরি গাইস। তাদের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, অনুসন্ধানকারী দল ৪ পর্বতারোহীর দেহাবশেষের সন্ধান পেয়েছে। তবে চতুর্থ ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিকূল আবহাওয়া ও তীব্র তুষারঝড়ের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। বিশেষ করে বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারের চলাচল সীমিত হয়ে পড়েছে।

গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী আমজাদ হুসেন জানিয়েছেন, উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানোর পর শনিবার আবারও অভিযান শুরুর পরিকল্পনা রয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযানে পাকিস্তানি সেনাবাহিনীর হেলিকপ্টারও অংশ নিয়েছে।

পাকিস্তান আলপাইন ক্লাবের সহসভাপতি কারার হায়দরি বলেন, ব্রড পিকের চূড়ায় ওঠার চেষ্টা করার সময় তুষারধসের কবলে পড়ে পর্বতারোহীরা বেস ক্যাম্পের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান।

দুর্ঘটনায় পড়া দলে বিভিন্ন দেশের পর্বতারোহী ছিলেন। তাদের মধ্যে ৫ জন নেপালি, ১ জন ওমানি, ১ জন মার্কিন, ১ জন পাকিস্তানি, ১ জন চীনা এবং আরও ১ জন বিদেশি পর্বতারোহী ছিলেন।

নিখোঁজদের মধ্যে কোনো চীনা নাগরিক রয়েছেন কি না, তা নিশ্চিত করতে কাজ করছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানিয়েছেন, চীনা নাগরিকদের সহায়তা এবং পাকিস্তানের উদ্ধার তৎপরতায় সহযোগিতা করতে চীন প্রস্তুত।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৪৭ মিটার বা ২৬ হাজার ৪০১ ফুট উচ্চতার ব্রড পিক বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ পর্বত। পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় অবস্থিত এই পর্বত প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের পর্বতারোহীদের আকর্ষণ করে। তবে তুষারধস, তীব্র ঠান্ডা এবং দ্রুত আবহাওয়া পরিবর্তনের কারণে ব্রড পিকসহ কারাকোরাম অঞ্চলের পর্বতগুলোকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

This post was viewed: 4

আরো পড়ুন