Skip to main content

Ridge Bangla

বয়স্ক ভাতাসহ ৫ সরকারি ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু আজ, চলবে ৩১ আগস্ট পর্যন্ত

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তিসহ মোট ৫টি সরকারি ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ শনিবার, ১ আগস্ট। আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২০২৭ অর্থবছরে নতুন উপকারভোগী নির্বাচন করতে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির আবেদন নেওয়া হবে।

এ ছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা-শ্রমিকদের জন্য বিভিন্ন ভাতা এবং শিক্ষা উপবৃত্তির আবেদনও একই সময়ে গ্রহণ করা হবে।

আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন অবশ্যই আবেদনকারীর স্থায়ী ঠিকানার ভিত্তিতে জমা দিতে হবে।

প্রতিবন্ধী ভাতার আবেদনকারীদের ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। পাশাপাশি আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সঙ্গে নিবন্ধিত একটি সচল মোবাইল নম্বর অথবা নিজস্ব ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাবের তথ্য দেওয়া হলে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বরও উল্লেখ করতে হবে।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, যারা বর্তমানে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত সুবিধা পাচ্ছেন, তারা এ কর্মসূচিতে নতুন করে বিবেচিত হবেন না।

এদিকে, যারা আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় রয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। নতুন আবেদন এবং পূর্বের অপেক্ষমাণ আবেদন যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দের প্রাপ্যতার ভিত্তিতে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান নীতিমালা অনুসরণ করে যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত তালিকা অনুমোদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীরা ১ জুলাই ২০২৬ থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভাগীয় পরিচালক, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আবেদন গ্রহণ বা যাচাই-বাছাইয়ের সময় কোনো কারিগরি সমস্যা দেখা দিলে সামাজিক নিরাপত্তা অধিশাখার টেকনিক্যাল টিম ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

This post was viewed: 5

আরো পড়ুন