Skip to main content

Ridge Bangla

রাজধানীর সড়কের পরিচ্ছন্নতা পরিদর্শনে নিজেই গাড়ি চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়কের পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছুটির দিনে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বের হন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তার গাড়ি শ্যামলী এলাকা অতিক্রম করে।

জাহিদুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন, তিনি রাজধানী ঢাকাকে ক্লিন সিটি হিসেবে দেখতে চান। এ লক্ষ্যেই তিনি সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন সড়কের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করছেন।

তিনি আরও জানান, বিকাল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। নিজেই গাড়ি চালিয়ে তিনি শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত ও শেওড়াপাড়াসহ বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। প্রায় আড়াই ঘণ্টার বেশি সময় বিভিন্ন সড়ক ঘুরে মাগরিবের নামাজের সময় তিনি গুলশানের বাসভবনে ফিরে যান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

This post was viewed: 5

আরো পড়ুন