ফ্যাসিবাদী শক্তিকে আর ফিরে আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলী। একই সঙ্গে তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে এ ধরনের শক্তির পুনরুত্থানের সুযোগ সৃষ্টি হবে না।
শুক্রবার রাজধানীতে মোবাশ্বের হাসানের একটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সালেহ শিবলী বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতা ছিল। তবে এর অর্থ এই নয় যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ফ্যাসিবাদী শক্তিকে আবারও ফিরে আসার সুযোগ দেবে।”
তিনি বলেন, “১৫ বছর দেশের মানুষ গুম-খুন হয়েছে। কিন্তু এখন দেশ গঠনের সময়। গালাগালি আর পলিটিক্স এক না। মনে হচ্ছে গালাগালিকে সংস্কৃতির অংশ করে নিচ্ছি। যত কিছুই হোক, কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবোই।”
প্রেস সচিব আরও বলেন, “১৫ বছর গুম-খুন যেভাবে গেছে, তারেক রহমানও প্রতিটি সাফারিংয়ের মধ্যে দিয়ে গেছেন। এখন তিনি বাংলাদেশের হাল ধরেছেন। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান কাজ করছেন।”
তিনি জানান, দুটি বিষয়ে জাতীয় ঐকমত্য রয়েছে। তার ভাষ্য, একটি হলো ফ্যাসিবাদকে ফিরে আসতে না দেওয়া এবং অন্যটি হলো সব ধর্মের মানুষের জন্য বাংলাদেশকে নিরাপদ ভূমি হিসেবে গড়ে তোলা। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন শুরু হয়েছে।
বক্তব্যের এক পর্যায়ে সালেহ শিবলী বলেন, রাজনীতিকে এগিয়ে নিতে বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।