আলজেরিয়ায় কারাবন্দি থাকা ৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার, ৩০ জুলাই রাতে তারা আলজেরিয়া থেকে বাংলাদেশে পৌঁছান।
আলজেরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট ছাড়া অবস্থানের অভিযোগে দেশটির পুলিশ তাদের আটক করেছিল।
দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি আলজেরিয়ার পুলিশ মোট ১৪ জন বাংলাদেশিকে আটক করে। তাদের অধিকাংশই মানবপাচারকারীদের মাধ্যমে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছিলেন।
আটকের পর বাংলাদেশ দূতাবাস আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করে। একই সঙ্গে আটক বাংলাদেশিদের আইনি সহায়তা নিশ্চিত করতে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয় এবং পুরো বিষয়টি নিয়মিত তদারকি করা হয়।
পরবর্তীতে ২০২৬ সালের ৩০ জুন আলজেরিয়ার আদালত ৪ বাংলাদেশির কারামুক্তির নির্দেশ দেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার তারা দেশে ফিরে আসেন।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, অবশিষ্ট ১০ বাংলাদেশির দ্রুত মুক্তি এবং নিরাপদে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আলজেরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদেরও তাদের বর্তমান অবস্থা সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে।