Skip to main content

Ridge Bangla

এআই অবকাঠামোয় বড় বিনিয়োগ প্রযুক্তি জায়ান্টদের, চিপ শিল্পে ফিরছে আশাবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন, মাইক্রোসফট ও অ্যালফাবেট। তাদের এই বিনিয়োগ পরিকল্পনার ফলে চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার অ্যামাজন চলতি বছরের মূলধনি ব্যয়ের পূর্বাভাস ২০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ২২০ বিলিয়ন ডলার করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি জানিয়েছেন, এই অর্থের বড় অংশ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে।

এ বিনিয়োগের ইতিবাচক প্রভাব ইতোমধ্যে অ্যামাজনের ব্যবসায় দেখা গেছে। এর ফলে টানা পঞ্চম প্রান্তিকের মতো প্রতিষ্ঠানটির ক্লাউড সেবা থেকে আয় বেড়েছে।

অন্যদিকে মাইক্রোসফট জানিয়েছে, তাদের ক্লাউড ব্যবসা গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ ঘোষণা প্রকাশের পর বৃহস্পতিবার একদিনেই কোম্পানিটির বাজারমূল্য ৪৫০ বিলিয়ন ডলার বৃদ্ধি পায়, যা ইতিহাসে এক দিনে সর্বোচ্চ বাজারমূল্য বৃদ্ধির রেকর্ড।

ব্লুমবার্গের বিশ্লেষকদের মতে, বিশ্বের বৃহৎ ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর এই বিনিয়োগ পরিকল্পনার ফলে ২০২৬-২০২৭ সালের মধ্যে চিপ শিল্পে আরও মুনাফার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে স্যামসাং, ইন্টেল ও এনভিডিয়ার মতো চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোও ইতিবাচক অবস্থানে ফিরতে পারে।

তবে অ্যামাজন ও মাইক্রোসফটের আর্থিক ফলাফলে বিনিয়োগকারীরা সন্তুষ্ট হলেও মেটা ও অ্যালফাবেটকে ঘিরে উদ্বেগ রয়ে গেছে। কারণ, এসব প্রতিষ্ঠানের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল বিনিয়োগ থেকে কবে এবং কীভাবে মুনাফা আসবে, তা এখনো স্পষ্ট নয়।

দুর্বল বিক্রির পূর্বাভাস এবং ভবিষ্যতের জন্য ৭০০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা ঘোষণার পর মেটার শেয়ার প্রায় ৮ শতাংশ কমে গেছে। একই সময়ে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারও ৭.১ শতাংশ হ্রাস পেয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতে এখন শুধু বড় বিনিয়োগের ঘোষণা নয়, সেই বিনিয়োগ থেকে কত দ্রুত এবং কতটা মুনাফা আসবে, সেদিকেই বাজারের নজর বেশি।

This post was viewed: 6

আরো পড়ুন