প্রযুক্তি খাতে নতুন ইতিহাস গড়ে প্রথমবারের মতো ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের মাইলফলক স্পর্শ করেছে অ্যাপল। মঙ্গলবার লেনদেন চলাকালে কোম্পানিটির শেয়ারের দাম ৩৪২ দশমিক ৮৯ ডলারে পৌঁছালে বাজারমূল্য বেড়ে দাঁড়ায় ৫ দশমিক ০৩ ট্রিলিয়ন ডলার।
তবে দিনের লেনদেন শেষে শেয়ারের দাম কিছুটা কমে ৩৪০ দশমিক ০৮ ডলারে নেমে আসে। ফলে বাজার বন্ধ হওয়ার সময় অ্যাপলের বাজারমূল্য দাঁড়ায় ৪ দশমিক ৯৯ ট্রিলিয়ন ডলার।
চলতি মাসেই ৪ দশমিক ৮৮ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য নিয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতিষ্ঠানের অবস্থান পুনরুদ্ধার করে অ্যাপল। এ সময় তারা এনভিডিয়াকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে। এর আগে গত বছরের জুনে বিশ্বের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যের ক্লাবে প্রবেশ করেছিল এনভিডিয়া। বর্তমানে কোম্পানিটির বাজারমূল্য ৪ দশমিক ৭৮ ট্রিলিয়ন ডলার।
চলতি বছরে অ্যাপলের শেয়ারের দাম প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে বাজারমূল্যের দিক থেকে প্রতিষ্ঠানটি ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ গ্রুপের অন্যান্য প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া, মাইক্রোসফট, মেটা, অ্যালফাবেট, অ্যামাজন ও টেসলাকেও ছাড়িয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, অ্যাপলের পণ্যের শক্তিশালী বাজারচাহিদা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোয় তুলনামূলক নিয়ন্ত্রিত বিনিয়োগ কোম্পানিটির বাজারমূল্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।