Skip to main content

Ridge Bangla

টেসলার চীনা ব্যবসা বিক্রির খবর উড়িয়ে দিলেন ইলন মাস্ক

টেসলার চীনভিত্তিক ব্যবসা বিক্রি বা আলাদা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার পরিকল্পনা হচ্ছে বলে প্রকাশিত খবরকে গুজব ও ‘ভুয়া খবর’ বলে প্রত্যাখ্যান করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক।

সম্প্রতি মার্কিন সংবাদপত্র ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে দাবি করে, রকেট নির্মাতা প্রতিষ্ঠান ‘স্পেসএক্স’-এর সঙ্গে টেসলাকে একীভূত করার ক্ষেত্রে সম্ভাব্য আইনি ও নীতিগত জটিলতা এড়াতে চীনা ব্যবসা নিয়ে বিভিন্ন বিকল্প বিবেচনা করা হচ্ছে।

প্রতিবেদনটিতে বলা হয়, স্পেসএক্স যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের বড় ঠিকাদার। অন্যদিকে চীনে টেসলার শতভাগ একক মালিকানাধীন একটি বিশাল কারখানা রয়েছে। এ কারণে দুই প্রতিষ্ঠানকে একীভূত করার আইনি বাধা দূর করতে টেসলার চীনা অংশ বিক্রি, আলাদা সত্তা গঠন অথবা কারখানা বন্ধের মতো বিকল্পগুলো পর্যালোচনা করা হচ্ছে।

এ ছাড়া সাংহাই কারখানার রপ্তানি কার্যক্রম ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোকে টেসলার বৈশ্বিক কার্যক্রম থেকে পুরোপুরি পৃথক করার সম্ভাবনাও পরামর্শকেরা বিবেচনা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে টেসলা ও স্পেসএক্সকে একীভূত করার বিষয়ে ইলন মাস্ক কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। সাম্প্রতিক সময়ে দুই প্রতিষ্ঠানের যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে তার কিছু মন্তব্যের পর এ বিষয়ে জল্পনা শুরু হয়।

চীনের সাংহাই গিগাফ্যাক্টরি টেসলার অন্যতম প্রধান উৎপাদনকেন্দ্র। প্রতিষ্ঠানটির বৈশ্বিক সরবরাহের অর্ধেকের বেশি এই কারখানা থেকে আসে। বছরে সাড়ে ৯ লাখের বেশি গাড়ি উৎপাদনের সক্ষমতাসম্পন্ন কারখানাটিতে মডেল ৩ ও মডেল ওয়াই তৈরিতে ৯৫ শতাংশ স্থানীয় সরঞ্জাম ব্যবহার করা হয়।

এ আলোচনা চলার মধ্যেই গত বৃহস্পতিবার নাসডাকে টেসলার শেয়ারের দাম ৩ দশমিক ৫৩ শতাংশ বেড়ে ৩০৮ দশমিক ৮৫ ডলারে দাঁড়ায়। তবে গত এক মাসে কোম্পানিটির শেয়ারের দাম ২৬ দশমিক ৬ শতাংশ কমেছে।

অন্যদিকে একই দিনে স্পেসএক্সের শেয়ারের দাম সামান্য কমে ১১২ দশমিক ২ ডলারে দাঁড়িয়েছে।

This post was viewed: 6

আরো পড়ুন