কক্সবাজারে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার সকালে র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন টেকনাফ উপজেলার শীলবনিয়া পাড়ার মৃত ফয়েজ আহাম্মেদের ছেলে নজির আহাম্মেদ (৪৪) এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সা গ্রামের মৃত কিতাব আলি বখতিয়ারের ছেলে মো. রিয়াজুল বখতিয়ার (৪৮)।
র্যাব জানায়, চট্টগ্রাম থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মাদক কক্সবাজারে নেওয়া হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করা হয়।
শুক্রবার বিকেলে সন্দেহভাজন সাদা রঙের সেডান গাড়িটি থামিয়ে চালক ও যাত্রীর কাছে জিজ্ঞাসাবাদ করা হলে তারা পরস্পরবিরোধী তথ্য দেন। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ২টি ট্রলি ব্যাগের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্য, আটক নজির আহাম্মেদ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানীর বংশাল, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং কক্সবাজারের টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিদেশি নাগরিক আইনসহ মোট ৬টি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সাধারণ যাত্রীর বেশে ট্রলি ব্যাগে করে মাদকের চালানটি বহন করা হচ্ছিল।
র্যাব আরও জানিয়েছে, উদ্ধার করা গাঁজা, প্রাইভেটকার, মোবাইল ফোন এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।