Skip to main content

Ridge Bangla

বগুড়ায় বিয়েবাড়িতে গেটের বকশিশ নিয়ে সংঘর্ষ, আহত ৩, থানায় অভিযোগ

বগুড়ার সদর উপজেলার একটি বিয়ের অনুষ্ঠানে গেটের বকশিশের টাকা নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় স্বর্ণের চেইন, ১৫টি মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছে বরপক্ষ। তবে অভিযোগ অস্বীকার করেছে কনেপক্ষ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের তিলেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাগর মিয়ার সঙ্গে বগুড়া সদরের তিলেরপাড়া গ্রামের সাথী আক্তারের বিয়ের অনুষ্ঠান চলছিল। বরযাত্রী পৌঁছানোর পর গেটের বকশিশের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বরপক্ষের অভিযোগ, সংঘর্ষের সময় তাদের কয়েকজনকে মারধর করা হয়। এ সময় স্বর্ণের চেইন, ১৫টি মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি কয়েকটি যানবাহনও ভাঙচুর করা হয়েছে বলে তারা দাবি করেন।

অন্যদিকে কনেপক্ষের দাবি, বরপক্ষই প্রথমে উত্তেজনা সৃষ্টি করে হামলা ও ভাঙচুর চালায়। তারা ছিনতাইয়ের অভিযোগও অস্বীকার করেছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মো. ইব্রাহিম আলী জানান, গেটের বকশিশের টাকা নিয়ে সংঘর্ষের ঘটনায় বরপক্ষ থানায় অভিযোগ করেছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, গেটের বকশিশকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী হারানোর বিষয়েও অভিযোগ এসেছে।

This post was viewed: 6

আরো পড়ুন