খুলনার দিঘলিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার, ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে মোটরসাইকেল চালক শেখ শিহাব প্রাণে বেঁচে গেলেও হারিয়েছেন পরিবারের ৩ সদস্যকে।
নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), তার শ্যালিকা রুবিয়া (২০) এবং তাদের ২২ মাস বয়সি সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শেখ শিহাব ও তার পরিবারের সদস্যরা। পথে দিঘলিয়া উপজেলার আমবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফারজানা, রুবিয়া ও শিশুটি নিহত হন।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ্র প্রকাশ দাস জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।